• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে জানালেন আসিফ মাহমুদ

Usbnews.
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে জানালেন আসিফ মাহমুদ
নিউজটি শেয়ার করুনঃ

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

আসিফ মাহমুদ জানান— তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। জমাকৃত অর্থ থেকে ঋণের পরিমাণ বাদ দিলে বাবার হিসেবে এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনা রয়েছে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

তিনি জানান, বর্তমানে সোনালি ব্যাংক-এর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে প্রাপ্ত বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে।

তিনি দাবি করেন— সরকারে যোগদানের আগে তার অ্যাকাউন্টে ছিল ৫০ হাজার টাকা। উপদেষ্টা থাকাকালে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে এনেছে। তার ভাষ্য, দায়িত্ব ছাড়ার সময় এমন অভিযোগ ওঠেনি; তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, ব্যাংক হিসাব তলব নিয়ে “রহস্য তৈরির চেষ্টা” হচ্ছিল বলেই আগেভাগে সব তথ্য প্রকাশ করেছেন।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
শুভেচ্ছা নিবেন।
আমার ও আমার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহের তথ্য উপস্থাপন করা হলো:
১. আমার নামে ব্যাংক হিসাব
১.১ ডাচ বাংলা ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১৯ মার্চ ২০২৪ – ৩ মার্চ ২০২৬
মোট জমা (Total Credit): ৮৫,৮১,৯৬১ টাকা
মোট উত্তোলন (Total Debit): ৭৬,০৩,৩৩৫ টাকা
বর্তমান স্থিতি: ৯,৭৮,৬২৬ টাকা
১.২ সোনালী ব্যাংক পিএলসি
হিসাব খোলার তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫
স্টেটমেন্ট পিরিয়ড: ১৪ ডিসেম্বর ২০২৫ – ৩ মার্চ ২০২৬
মোট জমা: ১০,০০০ টাকা
মোট উত্তোলন: ৭০ টাকা
বর্তমান স্থিতি: ৯,৯৩০ টাকা
২. আমার স্ত্রীর নামে ব্যাংক হিসাব
২.১ প্রাইম ব্যাংক পিএলসি
হিসাব খোলার তারিখ: ১ মে ২০২৫
স্টেটমেন্ট পিরিয়ড: ১ মে ২০২৫ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৫১৫ টাকা
মোট উত্তোলন: ২ টাকা
বর্তমান স্থিতি: ৬১৩ টাকা
৩. আমার পিতার নামে ব্যাংক হিসাব (গত দেড় বছরের স্টেটমেন্ট অনুযায়ী, একাউন্টে পূর্বের স্থিতির কারণে যোগ-বিয়োগের ফলাফলে সামঞ্জস্য হবে না)
৩.১ জনতা ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ৪ মার্চ ২০২৬
বর্তমান স্থিতি: ৫১,৯৯০ টাকা
৩.২ জনতা ব্যাংক পিএলসি(ঋণ হিসাব)
মোট ঋণ গ্রহণ: ১০,০০,০০০ টাকা
মোট পরিশোধ: ৩,৭০,২৫৪ টাকা
বর্তমান দায়: ৬,২৯,৭৪৬ টাকা
৩.৩ রূপালী ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ১ মার্চ ২০২৬
মোট জমা: ১১,১৯,১৫৫ টাকা
মোট উত্তোলন: ২১,১০,১৯৬ টাকা
বর্তমান স্থিতি: ২৭,৬০২ টাকা
৩.৪ অগ্রণী ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৮,১২,৩৪৮ টাকা
মোট উত্তোলন: ৮,০৪,০৪২ টাকা
বর্তমান স্থিতি: ৬৬,১০৮ টাকা
৩.৫ এনআরবিসি ব্যাংক পিএলসি
হিসাবের নাম: ইসরাত এন্টারপ্রাইজ(ব্যবসায়ী একাউন্ট)
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জানুয়ারি ২০২৫ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৪,০২,০০৯ টাকা
মোট উত্তোলন: ১,১০৬ টাকা
বর্তমান স্থিতি: ৪,০০,৯০৩ টাকা
৪. আমার মায়ের নামে ব্যাংক হিসাব (গত দেড় বছরের স্টেটমেন্ট অনুযায়ী, একাউন্টে পূর্বের স্থিতির কারণে যোগ-বিয়োগের ফলাফলে সামঞ্জস্য হবে না)
৪.১ রূপালী ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট পিরিয়ড: ১ জুলাই ২০২৪ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৯৪৮ টাকা
মোট উত্তোলন: ৭১৮ টাকা
বর্তমান স্থিতি: ২১,১৫৪ টাকা
বি দ্র: উক্ত ৯ টি একাউন্টের সম্পূর্ণ স্টেটমেন্টের সফট কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।
ধন্যবাদান্তে
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মুখপাত্র
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)