• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা ওয়াসার সদ্য বিদায়ী এমডি আব্দুস সালামের অর্থ পাচারের অভিযোগ

Usbnews.
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
ঢাকা ওয়াসার সদ্য বিদায়ী এমডি আব্দুস সালামের অর্থ পাচারের অভিযোগ
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম
সিআইডি জানায়, মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন উৎস থেকে অর্জিত অবৈধ অর্থ তিনি বিদেশে পাচার করেছেন। নিজের, স্ত্রীর এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন তিনি।

সিআইডির অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কানাডার টরন্টো শহরে নিজের ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে একটি বাড়ি কেনেন আব্দুস সালাম। স্থানীয় ভূমি নিবন্ধন অফিসের তথ্য অনুযায়ী, ওই বাড়ির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমেও কানাডায় তার পরিবারের এই বিপুল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে।

এ–সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিআইডি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, ৩ মার্চ আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের কানাডার বাড়ি নিয়ে ‘কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। প্রতিবেদনটি প্রকাশের পর তাকে সরকারি অনুষ্ঠানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল। এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যেতে পারেননি আব্দুস সালাম।