আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা জানায়, এ আসনে মোট ১৫০টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ৮৩৫টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন।
ইসি সূত্রে আরও জানা যায়, বগুড়া-৬ আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। এতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। সাধারণ ভোটার ছাড়াও পোস্টাল ব্যালটে ভোটার রয়েছেন তিন হাজার ৭৩৬ জন, যার মধ্যে ১০ জন হিজড়া ভোটারও অন্তর্ভুক্ত।
এ উপনির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মো. আবিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর মো. আল আলিম তালুকদার।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান এই আসনে জয়ী হন। তবে একসঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।