সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অবস্থানের পরিচয় দিয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদানের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন।
এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে গ্যাস সংযোগ চালুর জোর দাবি জানান।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি। প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনী এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) অন্যতম সমস্যা গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তব্যের শুরুতে তিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৬ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরে এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউন রহমান। পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের চাহিদা পূরণের পর দেশের অন্যান্য স্থানে গ্যাস যাবে। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবায়িত হয়নি। এখন এই দুই উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেত্রীর সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমি মাননীয় সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সেই দাবি তুলে ধরে বিষয়টি জানতে চাচ্ছি।