• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ, লড়বেন রাষ্ট্রপতি পদে

Usbnews.
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ, লড়বেন রাষ্ট্রপতি পদে
নিউজটি শেয়ার করুনঃ

২০২১ সালে অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনের পর সংসদীয় ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে মিয়ানমারের সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন মিন অং হ্লাইং।

সোমবার (৩০ মার্চ) রাজধানী রাজধানী নেপিদোতে অনুষ্ঠানে মিন অং হ্লাইং সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব অভিজ্ঞ কর্মকর্তা ইয়ে উইন উ-এর কাছে হস্তান্তর করেন।

৬৯ বছর বয়সী এই জেনারেল ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছেন। ২০২১ সালে অভ্যুত্থানের পর দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

দেশটির নবগঠিত নিম্নকক্ষের আইনপ্রণেতাদের দ্বারা মনোনীত দুই ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থীর একজন হিসেবে নামভুক্ত হয়েছেন। দেশের উচ্চকক্ষ থেকেও একজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করা হবে এবং পরবর্তীতে উভয় কক্ষের ভোটে এই তিনজনের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হবে। তবে সেই ভোটের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত সংসদীয় অধিবেশন অনুযায়ী, সামরিকপন্থী দলের একজন আইনপ্রণেতা কিয়াউ কিয়াউ হতে নিম্নকক্ষে প্রস্তাব করেন, ‘সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হচ্ছে।’

ডিসেম্বর ও জানুয়ারি মাসে চলমান সংঘাতের মধ্যে অনুষ্ঠিত একটি বিতর্কিত নির্বাচনের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ওই নির্বাচনে সামরিক সমর্থিত ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ জয়লাভ করলেও জাতিসংঘ এবং অনেক পশ্চিমা দেশ একে ‘প্রহসন’ বলে কঠোর সমালোচনা করেছে।