• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
নিউজটি শেয়ার করুনঃ

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে, তা কেবল তিনিই জানেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানকে এক চরম হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, আজ রাতে একটি ‘সভ্যতার মৃত্যু’ হতে পারে।

প্রেস সেক্রেটারি লেভিট ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের কথা পুনর্ব্যক্ত করে জানান, যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের শাসকদের হাতে আজ রাত ৮টা পর্যন্ত সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তেহরান সমঝোতায় না এলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কিংবা ট্রাম্প কী ধরনের সামরিক বা কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন, সে বিষয়ে আগাম কোনো ধারণা দিতে অস্বীকৃতি জানান তিনি। লেভিটের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত কেবল প্রেসিডেন্টের হাতেই ন্যস্ত।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘বর্বরতা’ হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি ও বিশ্বাসের শক্তির কাছে যেকোনো ধরনের বর্বর শক্তির পরাজয় নিশ্চিত।

ইসমাইল বাকি তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, ইরান একটি সত্যনিষ্ঠ জাতি হিসেবে নিজেদের অধিকার এবং ন্যায্য দাবি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। প্রয়োজনে নিজেদের সুরক্ষায় ইরান তার সর্বোচ্চ সামরিক ও কৌশলগত শক্তি প্রয়োগ করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।