• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যে কারণে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি আলোচনা

Usbnews.
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
যে কারণে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি আলোচনা
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অভিযোগ করেছেন, যখন দুই পক্ষই ‘এক টেবিলে বসার মতো পর্যায়ে ছিল,’ তখন তেহরানে হামলা চালিয়ে ইসরায়েল মূলত ইসলামাবাদ-এর মধ্যস্থতা প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা করেছে।

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ-এর তথ্যমতে, পাকিস্তানের সিনেটে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দার বলেন, ‘গত (সোমবার) রাতে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে। ইসরায়েল এমন এক সময়ে ইরানে হামলা চালিয়েছে যখন উভয় পক্ষ (ওয়াশিংটন এবং তেহরান) আলোচনায় বসার জন্য প্রস্তুত ছিল।’

তিনি আরও বলেন, ‘(সোমবার) রাতের আগে আমরা (আলোচনা নিয়ে) অত্যন্ত আশাবাদী ছিলাম।’ তিনি যোগ করেন, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় সম্মত হয়েছিল এবং উভয় পক্ষই ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি হয়েছিল।

ইসহাক দার জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শর্তাবলি ইরানের কাছে হস্তান্তর করেছিল এবং একইভাবে তেহরানের ৫ দফার শর্তাবলি ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছিল।

অন্যদিকে, সোমবার তেহরান জানিয়েছে— তারা যুদ্ধ অবসানে তাদের অবস্থান তুলে ধরে একটি ১০ দফার প্রস্তাব পাঠিয়েছে। তারা কোনো সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে একটি স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর তথ্য অনুযায়ী, দুই সপ্তাহের উচ্চপর্যায়ের আলোচনার পর পাকিস্তান মারফত যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান।

পাকিস্তানের উচ্চকক্ষে ভাষণ দেওয়ার সময় দার বলেন, বিষয়টি বর্তমানে একটি ‘সংবেদনশীল পর্যায়ে’ রয়েছে কারণ ইরান সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপসাগরীয় দেশগুলোর উত্থাপিত ‘রক্ষণাত্মক ও সমন্বিত প্রচেষ্টার’ একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

এছাড়াও এ প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১১টি দেশ পক্ষে এবং দুই সদস্য (পাকিস্তান ও কলম্বিয়া) ভোটদানে বিরত ছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই প্রস্তাব আনে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ‘হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।’ এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলছে।

ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) আজ মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। এরপর ইরানে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা তখনই সব জানতে পারব। তবে এর মধ্যে অনেক আলোচনা হবে এবং আমি আশাবাদী যে একটি ভালো সমাধান আসবে। এই সময়সীমা পার হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ওই মন্তব্য করেন।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।

কূটনৈতিক প্রচেষ্টাগুলো বর্তমানে অত্যন্ত শক্তিশালীভাবে এগিয়ে চলছে এবং অদূর ভবিষ্যতে এর একটি ইতিবাচক ও উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন পাক প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এ আহ্বান জানান।