• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিউজটি শেয়ার করুনঃ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুর্নীতির অভিযোগে দেউবা ও তার স্ত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। খবর এএফপির।

কাঠমান্ডুর আদালতের কর্মকর্তাদের বরাতে এএফপি জানায়, অর্থপাচার তদন্ত বিভাগের আবেদনের পর দেউবা ও তার স্ত্রীর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। নেপালের পুলিশ তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি করার চেষ্টা করছেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেউবা বলেন, ‘আমার পরিবারের সম্পদ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’ তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে রয়েছেন বলেও জানান তিনি।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র, যদিও এর পেছনে কে রয়েছে তা আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘আমার জীবন একটি খোলা বই। নেপালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমি সারাজীবন চেষ্টা করেছি।’

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। অল্প সময়ের মধ্যেই ওই আন্দোলন কাঠমান্ডু থেকে শুরু হয়ে দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

এ ঘটনার পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন তরুণ নেতা বালেন্দ্র শাহ। তার নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে শুরু হয় তদন্ত অভিযান। এর অংশ হিসেবেই এবার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।