• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

হরমুজ প্রণালিতে ‘চাঁদা আদায় এখনই বন্ধ করতে হবে’: ট্রাম্প

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
হরমুজ প্রণালিতে ‘চাঁদা আদায় এখনই বন্ধ করতে হবে’: ট্রাম্প
নিউজটি শেয়ার করুনঃ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের কার্যক্রম ‘এখনই বন্ধ করতে হবে’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজ থেকে ইরান ফি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। তারা যেন এটি না করে এবং করে থাকলে তা এখনই বন্ধ করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এমন মন্তব্য সামনে এলো। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। তবে এখনো ওই জলপথে চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্য এক পোস্টে ট্রাম্প দাবি করেন, আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি আরও বলেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক করা হবে তাতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।