মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ বা স্থবির শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, শ্রমবাজার সম্প্রসারণে শুধু মালয়েশিয়া নয়, অন্যান্য দেশগুলোর সঙ্গেও আলোচনা চলছে। বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। ভিসাসংক্রান্ত জটিলতা নিরসনে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষর হয়েছে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রাদার হিসেবে সম্বোধন করেছেন। সাম্প্রতিক বৈঠকগুলোও ফলপ্রসূ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী সিলেট অঞ্চলে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।