লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত দশ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী ও বিচক্ষণ কূটনীতি’র প্রশংসা করেছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির পথ সুগম করবে বলে পাকিস্তান আশা করে।
তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব ধরনের উদ্যোগকে সমর্থন জানাবে।
এদিকে, সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর লেবানন ও ইসরায়েল দশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। চুক্তির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
উল্লেখ্য, শুক্রবার লেবানন ও ইসরায়েলের মধ্যে দশ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনা শেষে উভয় পক্ষ স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।