• ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রাইব্যুনালে জিয়াউল আহসান : ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’

Usbnews.
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান : ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’
নিউজটি শেয়ার করুনঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পদবি ও চাকরির অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’ হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানিকালে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের কাছে আরজি জানান, তিনি বরখাস্ত নন বরং একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এদিন গুম ও হত্যার ঘটনায় করা একটি মামলায় জিয়াউল আহসানের পাশাপাশি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন ও জিজ্ঞাসাবাদের অনুমতি চান। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।

শুনানির একপর্যায়ে অভিযোগের নথি জিয়াউল আহসানকে পড়ার জন্য দেওয়া হয়। নথি পর্যালোচনার সময় তিনি কাঠগড়া থেকে দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই। কিন্তু এখানে বরখাস্ত লেখা হয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত। এছাড়া বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও বরখাস্ত লেখা হয়।’

এ সময় ট্রাইব্যুনাল জানায়, আসামির পক্ষে তার আইনজীবীই বক্তব্য উপস্থাপন করবেন, আসামি চুপ থাকবেন।

শুনানি শেষে আদালত আগামী ২১ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এ সংক্রান্ত নথি রয়েছে। তবে ‘বরখাস্ত’ শব্দ ব্যবহারে তিনি আপত্তি জানিয়েছেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নিয়ে গুমের পর হত্যার ঘটনায় এই মামলায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।