• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‘গুহা’ ছেড়ে ঝটিকা মিছিলে রিজভী, বললেন সরকার ‘দিশেহারা’

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৩
নিউজটি শেয়ার করুনঃ

‘গুহা থেকে ব্রিফিং’ করে বিএনপির কর্মসূচি ঘোষণা করে আসা দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এবার দেখা গেল ঢাকার রাস্তায় ঝটিকা মিছিলে।

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলা পল্লীমা সংসদের কাছে জনা ত্রিশেক নেতাকর্মী নিয়ে মিছিলে নামেন রিজভী। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্যও দেন।

রিজভী বলেন, “সারাদেশে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। এত নিপীড়ন-নির্যাতনের পরেও বিএনপির অবরোধ কর্মসূচিতে তাদের উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে, সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, নেতারা আবোল তাবোল কথা বলছেন।

“আমি স্পষ্ট করে বলতে চাই, দমন পীড়ন করে বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না, নেতাদের গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতা-কর্মীদের মনোবল ভাঙা যাবে না। নির্যাতন যত বাড়ছে, নেতা-কর্মীরা ততবেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আসছে।”

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের পর হরতাল ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর অবরোধের যে ঘোষণাগুলো এসেছে, তা দিয়েছেন আত্মগোপনে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিষয়টি নিয়ে টিপ্পনি কেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘গুহা থেকে ব্রিফিং’ চলছে।