• ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অর্থপাচারকারীর সঙ্গে সম্পর্ক, তদন্ত প্রক্রিয়ায় প্রভাব এড়াতে নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
অর্থপাচারকারীর সঙ্গে সম্পর্ক, তদন্ত প্রক্রিয়ায় প্রভাব এড়াতে নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
নিউজটি শেয়ার করুনঃ

আর্থিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ। অভিযোগ উঠেছে, অর্থপাচারের অভিযোগে তদন্তে থাকা ব্যবসায়ী ডিপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই প্রেক্ষাপটেই তার পদত্যাগের সিদ্ধান্ত আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুরুঙ বলেন, আমার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থেকে কোনো স্বার্থের সংঘাত বা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব এড়াতে আমি আজ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে তার বিনিয়োগ—বিশেষ করে শেয়ারবাজারে অংশগ্রহণ—নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

গুরুঙ বলেন, আমার কাছে নৈতিকতা পদমর্যাদার চেয়েও বড়, আর জনবিশ্বাসের চেয়ে শক্তিশালী কিছু নেই। দেশে চলমান জেন জেড আন্দোলন, যা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করছে, সেটিও একই বার্তা দিয়েছে—জনজীবন হতে হবে স্বচ্ছ এবং নেতৃত্বকে হতে হবে জবাবদিহিমূলক।

বিতর্কের মুখে পড়ার পর তিনি তদন্তে সহযোগিতা করার আশ্বাসও দেন। এর আগে সোমবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, অনেক গুজব ছড়িয়েছে, তবে অভিযোগ ও সত্য এক নয়। সিদ্ধান্ত নিতে হবে প্রমাণের ভিত্তিতে, আবেগের নয়।

এটি বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে গত ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রীকে বরখাস্ত করা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি তার অপসারণের সুপারিশ করে। দলটির চেয়ারম্যানের পাঠানো আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতে তাকে অপসারণ করা হয়।