• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬
ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন।

প্রসিকিউটর ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন ওসমান হাদি। তিনি মারা যাওয়ায় ওই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে আবেদন করা হয়েছিল। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেছেন।

এই মামলার সব আসামি পলাতক। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এই মামলায় গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-২। তার আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।