• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেট সদরে খাল পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী :জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬
সিলেট সদরে খাল পরিদর্শন শেষে  বাণিজ্যমন্ত্রী :জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও সরকার চেষ্টা করছে এর চাপ যেন সরাসরি জনগণের ওপর না পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আজ শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বেড়েছে। অথচ আশপাশের যে কোনো দেশে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ থেকে বেশি। আমরা সতর্কভাবে ১৫ শতাংশ বৃদ্ধি করেছি। যাতে জনগণের ওপর বেশি অভিঘাত না পড়ে।

তিনি বলেন, ১৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে একটি ট্রাক যদি ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করে যায় তাহলে কেজি প্রতি পণ্যমূল্য ৩০ পয়সা বাড়তে পারে। এটুকু বৃদ্ধির কারণে সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।

সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শন করেন মন্ত্রী। আগামী আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের এই স্থানে বাসিয়া খাল খননের উদ্বোধন করবেন।

খাল পরিদর্শনকালে সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।