• ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে সরতে গিয়ে হোঁচট খেলেন ট্রাম্প

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬
ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে সরতে গিয়ে হোঁচট খেলেন ট্রাম্প
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। বিকট শব্দের পরপরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত সরে যাওয়ার সময় আতঙ্কে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সিএনএন ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এই ডিনার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই সিক্রেট সার্ভিসের সদস্যরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান। ভিডিওতে দেখা যায়, তাড়াহুড়ো করে যাওয়ার সময় ট্রাম্প একবার ভারসাম্য হারিয়ে পড়ে যান।

জানা গেছে, হোটেলের একটি নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীকে প্রতিহত করে। ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প বলেন, হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল এবং সে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’।

সিক্রেট সার্ভিসের সাহসিকতার প্রশংসা করে ট্রাম্প বলেন, “অত্যন্ত সাহসী কিছু সদস্য ওই হামলাকারীকে ধরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছিল।” তিনি আরও জানান, এই ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে উন্নত মানের বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত সাংবাদিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই ও সিক্রেট সার্ভিস।