• ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই , জঙ্গি শব্দ রাজনৈতিক হাতিয়ার ছিলো , কিন্তু উপদেষ্টা বললেন জঙ্গি আছে

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই , জঙ্গি শব্দ রাজনৈতিক হাতিয়ার ছিলো , কিন্তু উপদেষ্টা বললেন জঙ্গি আছে
নিউজটি শেয়ার করুনঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বক্তব্যে দেশে জঙ্গিবাদের অস্তিত্ব ও পরিস্থিতি নিয়ে ভিন্নমত প্রকাশ পেয়েছে।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি নেই—এ কথা পুরোপুরি বলা যাবে না। তার মতে, দেশে জঙ্গি রয়েছে, তবে অতীতে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তা অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেও ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনও জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে, যা মাঝেমধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে, রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে।’’

জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যদিকে মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনও অস্তিত্ব নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই এবং ‘জঙ্গি’ শব্দটি এখন আর নেই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই শব্দ ব্যবহার করা হতো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমান কালচারে এমন শব্দ (জঙ্গি) নাই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার করা হতো। ফ্যাসিবাদী আমলে এ শব্দের নানা ব্যবহার চলতো। কিছু উগ্রবাদী মানুষ সবখানেই থাকে, তবে ওই শব্দটা এখন আর নাই। আমরা ওটা আর বলতে চাই না।

সব বাহিনীতেই নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা শাখা রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ যদি কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রম করার চেষ্টা করে, তবে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

এ সময় পুলিশ সদরদপ্তর থেকে নিরাপত্তা জোরদার সংক্রান্ত কোনো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় স্বাভাবিক নিয়মেই নিরাপত্তা জোরদার করা হয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নের ঘোষণা দেন। তিনি জানান, এই বাহিনীতে হেলিকপ্টার, মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এছাড়া বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ হাজার থেকে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। গত এক বছরে সুন্দরবন এলাকায় ৩৫টি সফল অভিযান চালিয়ে ৩০ জন জিম্মিকে উদ্ধার করাসহ প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর অনবদ্য ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক উপস্থিত ছিলেন। তিনি জানান, দেশের স্বার্থে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন। জনবল সংকট দূর হলে এই বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

 

এর আগে বিগত সরকারের আমলে
বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি বা জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।