• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে বোনের কঙ্কাল কাঁধে ব্যাংকে হাজির ভাই

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে বোনের কঙ্কাল কাঁধে ব্যাংকে হাজির ভাই
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের ওড়িশার কেওনঝড় জেলায় এক চরম মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। নিজের মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা তোলার জন্য তাঁর মৃত্যুর প্রমাণ হিসেবে কবর খুঁড়ে কঙ্কাল তুলে সরাসরি গ্রামীণ ব্যাঙ্কে নিয়ে হাজির হলেন এক উপজাতি যুবক।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পাটনা ব্লকের মাল্লিপাসি এলাকায় ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখায় এই ঘটনাটি ঘটে। এই দৃশ্য দেখে ব্যাংকের কর্মী ও গ্রাহকদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম জিতু মুন্ডা। তাঁর বোন প্রায় মাস দুয়েক আগে মারা যান। বোনের অ্যাকাউন্টে থাকা ১৯,০০০ টাকা তোলার জন্য জিতু বারবার ব্যাংকে যাচ্ছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, ব্যাংক কর্তৃপক্ষ তাঁর কাছে বোনের ডেথ সার্টিফিকেট (মৃত্যু শংসাপত্র) এবং উত্তরাধিকার সংক্রান্ত নথি দাবি করে।
আইনি জটিলতা এবং প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে সচেতনতার অভাবে জিতু সম্ভবত মনে করেছিলেন যে, বোনের উপস্থিতিতেই হয়তো টাকা পাওয়া যাবে। তাই তিনি কবর খুঁড়ে বোনের দেহাবশেষ একটি বস্তায় ভরে ব্যাঙ্কে নিয়ে আসেন।

স্থানীয়দের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি ওদের বলেছিলাম ও মারা গেছে, কিন্তু ওরা প্রমাণ চেয়েছিল। তাই আমি ওকেই নিয়ে এসেছি।”

ব্যাংকের ভেতরে বস্তাবন্দি কঙ্কাল দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। দ্রুত স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনাটি সম্পূর্ণ অজ্ঞতার কারণে ঘটেছে। এক পুলিশ আধিকারিক বলেন, “উনি একজন অশিক্ষিত মানুষ। ডেথ সার্টিফিকেট বা নমিনির (মনোনীত ব্যক্তি) প্রয়োজনীয়তা তিনি বুঝতে পারেননি।” পরে পুলিশের বোঝানোর পর জিতু কঙ্কালটি ফেরত নিয়ে যেতে রাজি হন এবং প্রশাসনের উপস্থিতিতে তা পুনরায় সমাহিত করা হয়।