• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টানা পাঁচ মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে

Usbnews.
প্রকাশিত মে ৩, ২০২৬
টানা পাঁচ মাসে  ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশে প্রবাসী আয়ের ধারা অব্যাহত রয়েছে। বিদায়ী এপ্রিল মাসেও ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ওই মাসে মোট এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার। এর ফলে টানা পাঁচ মাস ধরে প্রতি মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় দেশে এলো।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংক এপ্রিল মাসের প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসেই ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে।

ব্যাংকাররা বলছেন, পবিত্র ঈদুল ফিতর এবং মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। এই ধারা আগামী ঈদুল আজহাতেও অব্যাহত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ডলারের চাহিদা বাড়ায় প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা এখন বেশি বিনিময় হার পাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করছে।

এর আগে মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। তারা মনে করেন, সম্ভাব্য চাপ মোকাবিলায় রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্ক থাকা জরুরি।