• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানের সাধারণ নির্বাচন : ইমরান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪
পাকিস্তানের সাধারণ নির্বাচন :  ইমরান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা  এগিয়ে
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল (এন)। এরপরে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল (পিপিপি)। মূলত তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

ইমরান সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের প্রধান নেতা নওয়াজ শরিফ। বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে বড় ব্যবধানে হেরেছেন এই প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনি এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলে দেখা যাচ্ছে, শাহজাদা গাস্তাসাপ এক লাখ পাঁচ হাজার ২৪৯ ভোট পেয়েছেন। অপরদিকে নওয়াজ শরীফ পেয়েছেন ৮০ হাজার ৩৮২ ভোট। অর্থাৎ ২৪ হাজারেরও বেশি ভোটে হেরেছেন নওয়াজ।

অপ্রত্যাশিত এই ফল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নির্বাচনি দৃশ্যপটে একটি বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অবশ্য মানসেহরাতে পরাজয় সত্ত্বেও নওয়াজ শরিফ লাহোরের এনএ-১৩০ আসনেও প্রার্থী হিসেবে রয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদের মুখোমুখি হয়েছেন তিনি।