• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

Usbnews.
প্রকাশিত মে ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

আলোচনা সহজতর করতে এবং আঞ্চলিক শান্তি প্রসারের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ইরানি প্রতিপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যকার আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তান টানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির এই সফর। তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছিলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ মেটাতে শুরু থেকেই সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। গত মাসেই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল ইসলামাবাদ।

পার্সটুডের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হাসান নাকভি শনিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনির সঙ্গে দুই দেশের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন।

এই বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

উভয় পক্ষ পাকিস্তান ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতি তাদের অঙ্গীকারের ওপর জোর দেন এবং সমগ্র অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে এ অঞ্চলে টেকসই শান্তি এবং সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলীসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।