বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। তবে ভোটের আগেই পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে ছয় কাউন্সিলরের। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-৩ থেকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এই তিন বিভাগে একজন করেই প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে ঢাকা বিভাগে তিনজন মনোনয়ন জমা দিলেও একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বাকি দুই প্রার্থীর পরিচালক হওয়া নিশ্চিত হয়েছে।
বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকেও একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা পেয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর। ফলে তিনিও পরিচালক নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন, ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর।
এদিকে যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন। গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হওয়া এই প্রার্থীর মনোনয়ন অকার্যকর ঘোষণা করা হয়েছে। বিসিবি জানিয়েছে, জমা পড়া ৩৩টি মনোনয়নের মধ্যে ৩২টি বৈধ পাওয়া গেছে।
ক্যাটাগরি-১ এ চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি ও শরিফুল ইসলাম। এখান থেকে নির্বাচিত হবেন দুইজন। খুলনা বিভাগে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম; সেখান থেকেও নির্বাচিত হবেন দুইজন। বরিশাল বিভাগে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি পদের জন্য।
ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে লড়বেন ১৮ কাউন্সিলর। তাদের মধ্যে আছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস ও মোহাম্মদ আমজাদ হোসেন।
আগামী ২৪ মে মনোনয়ন নিয়ে আপত্তি ও শুনানি অনুষ্ঠিত হবে। আর ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার (২২ মে) মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। তিন ক্যাটাগরিতে সব মিলিয়ে মনোনয়নপত্র জমা হয়েছে ৩৩টি। ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৬টি জমা পড়েনি।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা এবং বিভাগ থেকে ১৯টি মনোনয়নপত্র কেনা হয়েছে। তবে জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে এবং বরিশাল বিভাগ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে।
রাজশাহী, রংপুর ও সিলেট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন করে। এই তিন বিভাগ থেকে পরিচালকও হবেন একজন করে। এর মধ্যে রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ এই তিন জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইতে বাদ না পড়লে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন পরিচালক।
এদিকে, ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন। ওই ক্যাটাগরিতেও নির্বাচিত হবেন একজন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন।
ক্যাটাগরি-২ থেকে অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৮ জন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছিলেনও ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও নির্বাচন করছেন এই ক্যাটাগরিতে।