ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে জাপানের অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের মার্চ থেকে মে সময়কালে দেশটির তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ কমেছে।
এই বিশ্লেষণ করতে ইউরোপভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার’র ট্যাংকার ট্র্যাকিং তথ্য ব্যবহার করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের চালান মার্চ-মে সময়ে ৪৮ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। অথচ, বিশ্বব্যাপী মোট তেল রফতানি কমবে মাত্র ১০ শতাংশ।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবের তেল রপ্তানি ২৯ শতাংশ এবং আরব আমিরাতের রপ্তানি ৩৩ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কুয়েত ও ইরাকের রপ্তানি ৯০ শতাংশেরও বেশি কমার আশঙ্কা রয়েছে।
যুদ্ধ শুরুর পর ইরানেরর তেল রপ্তানি প্রথমদিকে স্থিতিশীল থাকলেও মে মাসে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তা ৮৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।