বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় লোকসানের নাম কুইক রেন্টাল। হাজার কোটি টাকা লোকসান সব সময়ই জনগণের মাথায় ঋনের বোঝা। এর পর ও লাগামহীন লোডশেডিং তো আছেই। বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধির ঘোষণা হতে যাচ্ছে আজ বুধবার। এতে পাইকারি পর্যায়ে দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বুধবার বেলা ৩টায় বিইআরসি সিদ্ধান্ত ঘোষণা করবে। ১ জুন থেকে নতুন দাম কার্যকর হবে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শতাংশের হিসাবে তা হবে দেড় দশকের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ দশমিক ৪৬ ও খুচরা পর্যায়ে ১৪ দশমিক ১৬ শতাংশ বাড়ানো হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও কয়েক দফা মূল্যবৃদ্ধি হয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।