• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার তিন বছর : বিচার প্রক্রিয়ার অগ্রগতি শূন্য

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার দুই মামলার বিচার তিন বছরেও হয়নি। দেশে-বিদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনাটির আজ সোমবার তিন বছর পূর্ণ হয়েছে। এই তিন বছরে মামলার বিচার প্রক্রিয়ার অগ্রগতি শূন্য। বিচার কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা হয়েছে লিভ টু আপিল। ফলে মামলা দুটির নথিপত্র সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই পড়ে আছে। নথি নড়ছে না, বিচারও হচ্ছে না বলে জানিয়েছেন মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা।
বাদী পক্ষের আইনজীবীরা বলছেন, চাঞ্চল্যকর এ ঘটনার বিচার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দীর্ঘসূত্রিতার দিকে যাচ্ছে। সেই সুযোগে আসামিরা জামিনে বের হয়ে যাওয়ার শংকাও তৈরি হয়েছে। শংকা আছে ন্যায়বিচার প্রাপ্তি নিয়েও।

এদিকে, শোনা যাচ্ছে বর্বর এই ঘটনার মামলা আপোষ রফায় শেষ করতে কেউ কেউ চেষ্টা তদ্বিরও শুরু করেছেন বলে গুঞ্জন উঠেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে নগরীতে একটি বৈঠকও হয়েছে। আর আপোষ রফা করতে করা হয়েছে ৮০ লাখ টাকার বাজেটও। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী প্যানেলের প্রধান এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী বলেন, অভিযোগ গঠনের পর থেকেই দুটো মামলার আর অগ্রগতি নেই। কার্যত মামলা দুটোর বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দুটো প্রেরণের জন্যে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়নি। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষ আপীল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছেন। আমাদেরকে নোটিশ দিয়ে লিভ টু আপিল দায়েরের বিষয়ে জানানো হয়েছে।

এখন ধার্য তারিখে আসামিদেরকেও আর আদালতে তোলা হয়না। মামলার বিচার কার্যক্রমের দীর্ঘ সূত্রিতার ফলে আসামিরা জামিনে বেরিয়ে যাওয়ার শংকা আছে।
বাদী পক্ষের অপর আইনজীবী এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, এটি দেশের মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা। এই গণধর্ষণের ঘটনার পরই কিন্তু জাতীয় সংসদে ধর্ষণ আইনের সংশোধনী এনে মৃত্যুদন্ডের বিধান করা হয়। আমরা বাদীর আইনজীবী হিসেবে এর ন্যায় বিচার চাই।

মামলার বিচার কার্যক্রম বন্ধ রয়েছে বলে বাদী মো. মাইদুল ইসলামও জানিয়েছেন। এ তথ্য জানিয়ে বলেন, ন্যায় বিচার চাই।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বহুল আলোচিত এ মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু ওই দিন আদালতে কারাবন্দী কোনো আসামিকে হাজির করা হয়নি। আগামী ২৯ অক্টোবর রোববার একই আদালতে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

মামলার অন্যতম আসামি মাহবুবুর রহমান রনিকে হাইকোর্টের দেয়া জামিন গত ২৩ আগস্ট বুধবার স্থগিত করেন আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমানে প্রধান বিচারপতি) ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ আসামি মাহবুবুর রহমান রনির জামিন স্থগিতের আদেশ দেন। এসময় আদালত বলেন, ‘স্পর্শকাতর মামলা তাই জামিন নয়’। সেই সঙ্গে বিচারের সর্বশেষ অবস্থা জানতে চান আপিল বিভাগ।

 

বাদীপক্ষ জানায়, গণধর্ষণের ঘটনায় দুই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। আপীল বিভাগের এডভোকেট অন রেকর্ড হরিপদ পাল ২৬ জুন স্বাক্ষরিত এক পত্রে বাদীকে লিভ টু আপিল দায়েরের বিষয়টি নোটিশ দিয়ে জানানো হয়। লিভ টু আপিলের শুনানি হয়নি বলে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী জানিয়েছেন।

গত জুন মাসে এই লিভ টু আপিল দায়ের করা হয়। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গণধর্ষণ ও চাঁদাবাজির মামলা দুটো দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের চূড়ান্ত আদেশ দেন। আদেশে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি করতেও বলা হয়েছিল।

এরও আগে ওই বছরের ১ আগস্ট বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাদীপক্ষ একটি রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ১৬ আগস্ট দুই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির জন্যে প্রক্রিয়া গ্রহণে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট । গত বছরের ২৭ জুলাই আসামি রবিউল ইসলামের জামিন শুনানিতে মামলার বিচার বিলম্বিত হওয়ায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলার জেলা মনিটরিং কমিটির সভায় আলোচিত গণধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও এরপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি। অবশ্য, পরে বলা হয়, ভুলবশতঃ এমনটি হয়েছিল।

সূত্র জানায়, সাক্ষ্য কেন শুরু করা হয়না মর্মে রাষ্ট্র পক্ষকে গত বছরের ২১ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আট আসামির উপস্থিতিতে গত বছরের ১১ মে বুধবার গণধর্ষণের ঘটনায় পুলিশের দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার অভিযোগ গঠন করেন। এর আগে ২০২১ সালের ১৭ জানুয়ারি রোববার ওই ট্রাইব্যুনালে সকল আসামির উপস্থিতিতে অপহরণ, গণধর্ষণ ও গণধর্ষণে সহায়তার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়।