সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের ৬৫ বছর পূর্তি উপলক্ষে, চীন ও উত্তর কোরিয়া দুদেশের বন্ধুত্ব ও সংহতি পুনর্নিশ্চিত করেছে।
দেশ দুটি, ১৯৬১ সালের ১১ই জুলাই চুক্তিটি স্বাক্ষর করে। এতে একটি পারস্পরিক প্রতিরক্ষা বিধান অন্তর্ভুক্ত রয়েছে, যেটি অনুযায়ী কোনো দেশ সশস্ত্র আক্রমণের শিকার হলে অপর দেশটিকে সামরিক সহায়তা প্রদান করতে হবে। ১৯৫০’এর দশকে কোরীয় যুদ্ধে চীন উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যানুযায়ী, ৬৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বার্তা বিনিময় করেন।
শি বলেন যে, উত্তর কোরিয়ার সঙ্গে চীনের ঐতিহ্যবাহী বন্ধুত্বের অঙ্গীকার এবং দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার সংকল্প অপরিবর্তিত থাকবে।
কিম আশা প্রকাশ করে বলেন যে, দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দ্বিপাক্ষিক বন্ধুত্ব এক নতুন স্তরে উন্নীত হবে। তিনি, সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্কের একটি আদর্শ হিসেবে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে বিকশিত করার ইচ্ছাও প্রকাশ করেন।