• ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জেলেনস্কির ঘোষণার পর প্রধানমন্ত্রীর পদত্যাগ

Usbnews.
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬
জেলেনস্কির ঘোষণার পর প্রধানমন্ত্রীর পদত্যাগ
নিউজটি শেয়ার করুনঃ

ইউক্রেনের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আবহাওয়া বইছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার পুনর্গঠন এবং নতুন মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা ঘোষণার পরপরই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় স্ভিরিদেঙ্কো তাঁর এই পদত্যাগের কথা জানান। তিনি লেখেন, ইউক্রেন সরকারের নেতৃত্ব দেওয়ার সম্মান পেয়ে আমি গর্বিত এবং পুরো সরকারি দলকে তাদের নিরলস কাজের জন্য ধন্যবাদ।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি নতুন মন্ত্রিসভা ও রাজনৈতিক কৌশল প্রয়োজন। এই পরিবর্তনের বিষয়ে তিনি বিদায়ী প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেছেন।

জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি নতুন পরিবর্তনের জন্য মন্ত্রিসভার পুনর্গঠন জরুরি। প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া স্ভিরিদেঙ্কোর কার্যকর ভূমিকা এবং ইউক্রেন দলের অংশ হিসেবে তাঁর বছরের পর বছর ফলপ্রসূ কাজের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে তাঁকে নতুন একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

ইউলিয়া স্ভিরিডেঙ্কো ২০২৫ সালের ১৭ জুলাই ইউক্রেনের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর এই বড় রাজনৈতিক রদবদলের অংশ হিসেবে তিনি পদত্যাগ করলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ডেনিস শ্মিহাল বর্তমানে প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।