• ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৮ হিজরি

পর্যটকের চাপ সামলাতে ‘প্রস্থান কর’ তিন গুণ করল জাপান

Usbnews.
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
পর্যটকের চাপ সামলাতে ‘প্রস্থান কর’ তিন গুণ করল জাপান
নিউজটি শেয়ার করুনঃ

পর্যটকের ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিদেশি ভ্রমণকারীদের ওপর আরোপিত ‘ইন্টারন্যাশনাল টুরিস্ট ট্যাক্স’ বা প্রস্থান কর তিনগুণ বাড়িয়েছে জাপান। ১ জুলাই থেকে দেশটি ত্যাগকারী সব যাত্রীর জন্য এই কর ১ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ হাজার ইয়েন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে—জাপানের আরোপিত নতুন কর বিদেশি পর্যটক ও জাপানি নাগরিক উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বিমান বা ক্রুজের টিকিটের মূল্যেই করটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবে। ফলে বিমানবন্দর বা সমুদ্রবন্দরে আলাদাভাবে অর্থ পরিশোধ করতে হবে না। ১ জুলাইয়ের আগে বুকিং করা টিকিটের ক্ষেত্রে অবশ্য আগের হারই কার্যকর থাকবে।

জাপান ২০১৯ সালে প্রথম এই প্রস্থান কর চালু করেছিল। সরকারের মতে, বাড়তি রাজস্ব পর্যটকের অতিরিক্ত চাপ বা ‘ওভারট্যুরিজম’ মোকাবিলা, পরিবহন ও পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে ব্যয় করা হবে। বর্তমানে এই কর থেকে বছরে প্রায় ৫ হাজার কোটি ইয়েন রাজস্ব আসে। কর বৃদ্ধির ফলে তা বেড়ে প্রায় ১২ হাজার কোটি ইয়েনে পৌঁছাবে বলে সরকার আশা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৪ কোটি ২৪ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২০৩০ সালের মধ্যে বছরে ৬ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে টোকিও।

এদিকে একই দিন থেকে স্বল্পমেয়াদি পর্যটক ভিসার ফিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার ফি ৩ হাজার ইয়েন থেকে ১৫ হাজার ইয়েন এবং একাধিকবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে ৩০ হাজার ইয়েন করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ ৭৪টি দেশ ও অঞ্চলের নাগরিকেরা আগের মতোই স্বল্পমেয়াদি ভিসামুক্ত সুবিধা পাবেন। অন্যদিকে ভারত, চীন, ফিলিপাইন ও ভিয়েতনামের নাগরিকদের ভ্রমণের আগে ভিসা নিতে হবে।

প্রস্থান কর বৃদ্ধির প্রভাব কিছুটা কমাতে জাপানি নাগরিকদের জন্য পাসপোর্ট আবেদন ফি কমিয়েছে সরকার। ১ জুলাই থেকে অনলাইনে ১০ বছর মেয়াদি পাসপোর্টের আবেদন ফি ১৫ হাজার ৯০০ ইয়েন থেকে কমিয়ে ৮ হাজার ৯০০ ইয়েন করা হয়েছে। সরাসরি আবেদনকারীদের ক্ষেত্রেও ফি ৭ হাজার ইয়েন কমানো হয়েছে।