• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি

Usbnews.
প্রকাশিত জুলাই ১৭, ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি
নিউজটি শেয়ার করুনঃ

ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে নিউইয়র্ক অঞ্চলে বায়ুর মান মারাত্মকভাবে কমে যাওয়ায় সেখানে ‘রেড অ্যালার্ট’ বা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন অঞ্চলটিতে শ্বাসকষ্ট ও স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি এড়াতে বাসিন্দাদের দীর্ঘ সময় বাইরে না থাকার এবং ভারী পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাছাকাছি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার বনাঞ্চলের দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পুরো অঞ্চলজুড়ে বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। এতে স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়-প্রত্যেকেই এর প্রভাব অনুভব করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই বিপজ্জনক। যদি ভেবে থাকেন আজ বাইরে দৌড়াতে বের হবেন, তাহলে সেটা আগামীকালের জন্য রেখে দিন।’

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট খাওয়ার সমান।’

এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরারও আহ্বান জানানো হয়েছে।

এই বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও পড়েছে। এরই মধ্যে খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে হওয়ার কথা ছিল।

বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার সময় এমন পরিস্থিতি ফাইনাল আয়োজন এবং সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে।