• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক : দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি , একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

Usbnews.
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক : দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি , একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিশেষ রুদ্ধদ্বার বৈঠক শেষে ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের প্রতি নিজের আস্থা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল না।

বৈঠক শেষে দেওয়া এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি আলোচনাকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ইউক্রেনীয় নাগরিকদের সুরক্ষা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রস্তুতের লাইসেন্স লাভ এবং সম্ভাব্য অন্যান্য কৌশলগত সহায়তা নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ট্রাম্পের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, খুব শিগগিরই দ্বিপক্ষীয় যোগাযোগের পরবর্তী ধাপগুলো নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি পরলোকগত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত ওয়াশিংটন সফরে যান জেলেনস্কি। লিন্ডসে গ্রাহাম ১১ জুলাই ইউক্রেন সফর থেকে ফেরার কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন।

বৈঠকের আগে জেলেনস্কি পুনর্ব্যক্ত করেন, ইউক্রেনের প্রধান অগ্রাধিকার হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং টেকসই শান্তির পথ সুগম করা। পাশাপাশি তিনি জানান, ইরানের হামলায় রাশিয়ার সহায়তার যে অভিযোগ উঠেছে, সে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্র ট্রাম্পের সঙ্গে শেয়ার করার পরিকল্পনা রয়েছে তাঁর।

এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প ও তাঁর দল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে একটি গঠনমূলক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তাঁরা আশাবাদী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ (মঙ্গলবার) হোয়াইট হাউসে এই দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিবিসি জানিয়েছে, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জেলেনস্কি ও নেতানিয়াহু। চলতি মাসের শুরুতে মারা যাওয়া গ্রাহাম ইউক্রেন ও ইসরায়েলের জোরালো সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

জানা গেছে, মূল শেষকৃত্য অনুষ্ঠানের আগে জেলেনস্কি ও নেতানিয়াহু দুজনই হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। নিজ নিজ দেশে চলমান যুদ্ধে জড়িয়ে থাকা দুই নেতার সঙ্গেই ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সময়ে উত্তেজনা ও মতপার্থক্য দেখা গেছে।

সূচি অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টা) প্রথমে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এরপর সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯ টা) ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সিনেট। এই প্রেক্ষাপটে জেলেনস্কির সঙ্গে সিনেটরদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের সঙ্গে দুই নেতার পৃথক বৈঠকে ইউক্রেন ও ইসরায়েলের চলমান যুদ্ধ, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।