• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

Usbnews.
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬
জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম
নিউজটি শেয়ার করুনঃ

হবিগঞ্জের পর এবার সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমে সিলেটের গোলাপগঞ্জে এবং পরে সিলেটের পাঁচ মাইল বাজারে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পর জেলা সার্কিট হাউসে তাৎক্ষণিক ব্রিফিং করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

ব্রিফিংয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। জিয়ার সৈনিক এক হও, এ স্লোগান দিয়ে তারা আমাদের গাড়িতে ইট-পাথর-রড ছুড়ে মারে।

তিনি আরও বলেন, ‘এই জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি। আজকে সব সৈনিক একেবারে খাঁড়া হয়ে গেছে। তারেক রহমান কী চাচ্ছেন?’

ব্রিফিংয়ে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে নিয়ে যাচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, আমরা জনগণকে নিয়ে প্রতিরোধের পথে হাঁটবো।’ তিনি আরও বলেন, ‘আমরা সেখানে গিয়ে দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে, আমাদের প্রতিরোধ করতে।’ গণভোটের গণরায়, সংস্কার-বিচারের পক্ষে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এনসিপির নেতারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান। এখানে ব্রিফিং শেষে তারা কানাইঘাটের উদ্দেশে রওনা হয়েছেন।

এনসিপির কর্মসূচির বিষয়ে বিকাল সাড়ে ৫টায় এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন জানান, নেতারা কানাইঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। সেখান থেকে ফেরার পর তারা হয়তো গোলাপগঞ্জে যাবেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপি গাড়িবহরে পরপর দুই দফা ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর কানাইঘাট উপজেলার নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে অংশ না নিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে আসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা।