• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

অবৈধ অভিবাসন ঠেকাতে ‘কঠোর’ অবস্থানের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Usbnews.
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬
অবৈধ অভিবাসন ঠেকাতে ‘কঠোর’ অবস্থানের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
নিউজটি শেয়ার করুনঃ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে কঠোর ও অবিরাম (relentless) পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। গত ২০ জুলাই ২০২৬-এ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় দুই হাজারেরও বেশি অভিবাসী নৌকায় করে দেশটিতে প্রবেশ করায় তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

তিনি বলেছেন, মানবপাচারকারী চক্র দমনে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ইংলিশ চ্যানেলের উভয় পাশে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

ডোভারে এক বক্তব্যে বার্নহাম বলেন, সীমান্তের নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকৃত আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ ও বৈধ পথও তৈরি করতে হবে, যাতে মানবপাচারকারী চক্রের ব্যবসা দুর্বল হয়ে পড়ে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে মানবপাচার দমনে ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) কর্মকর্তার সংখ্যা ছিল ৩৭৬ জন, যা বর্তমানে প্রায় ৮০০-তে পৌঁছেছে। গত বছর প্রায় ৩০০ মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ১,১০০টির বেশি ছোট নৌকা ও ইঞ্জিন জব্দ করা হয়েছে।

এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে, অভিবাসন নিয়ন্ত্রণে লেবার সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। অন্যদিকে রিফর্ম ইউকে ক্ষমতায় এলে ছোট নৌকাগুলোকে ফেরত পাঠাতে নৌবাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে।

সর্বশেষ শনিবার ৩২৬ জন অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। তবে সরকারি তথ্যাঅনুযায়ী, চলতি বছরে একই সময়ের তুলনায় ছোট নৌকায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রায় ৪৩ শতাংশ কমেছে।