• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

Usbnews.
প্রকাশিত আগস্ট ৭, ২০২৬
ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম
নিউজটি শেয়ার করুনঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের কঠোর প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের নাহিদ এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু কোনো কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শেখ হাসিনা প্রকাশ্যেই বিভিন্ন ঘোষণা দিচ্ছেন এবং ভারত সরকার তাঁকে সহযোগিতা করছে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনকে তলব করে ঘটনার কঠোর নিন্দা জানানো এবং ভবিষ্যতে কী ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে, তা জনগণের সামনে স্পষ্ট করা।

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান, বিচার ও সংস্কারের প্রশ্নে সরকার আপসকামী ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনগণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধ করবে।

এদিন বিকেলে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ চিত্র প্রদর্শনী দেখতে যান নাহিদ ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। এনসিপি নেতাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নাহিদ ইসলাম বলেন, সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী শক্তি জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাইয়ের প্রত্যাশা—রাষ্ট্র সংস্কার, গণভোটে হ্যাঁ এর পক্ষের গণনায় এখনো বাস্তবায়ন হয়নি-চুরি করে নিয়ে গেছে।