• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন ,তপশিল ঘোষণা, নির্বাচন ২০ আগস্ট

Usbnews.
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন ,তপশিল ঘোষণা, নির্বাচন ২০ আগস্ট
নিউজটি শেয়ার করুনঃ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের একটি স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  চিফ হুইফ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে। তবে অধিবেশনটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

এর আগে বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। ফলে মেয়াদপূর্তির আগেই ইসিকে এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ২২ অক্টোবরের আগেই নির্বাচন শেষ করতে হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন সিইসি। জাতীয় সংসদ সচিবালয় থেকে বুধবার সংসদ সদস্যদের ভোটার তালিকাও পেয়েছে কমিশন। তপশিল ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ নির্বাচনের ভোট হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির বৈঠকে এ তপশিল চূড়ান্ত করা হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। অপর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার দেশের বাইরে থাকায় বৈঠকে যোগ দেননি।

পরে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন অনুমোদিত রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে (নির্বাচন ভবন) মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে।