• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

Usbnews.
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল
নিউজটি শেয়ার করুনঃ

চারদিকে যখন নতুন করে দেশ গড়ার আন্দোলন শুরু হতে যাচ্ছে, সে সময় একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটা কথা আজকে না বলে পারছি না, যখন এই পথচলা শুরু হয়েছে, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে নতুন করে দেশ গড়ার একটা আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘আমরা যখন একটা সংসদীয় পদ্ধতিতে সরকারে গিয়ে সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য।’

সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, যখন দেশ উপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয়-অন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনে ফিরিয়ে দেয়।’

দলটির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে, ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একইভাবে ১৯৭৫ সালে সেই ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন, আজকে আবার এ দায়িত্বে এসে পড়েছে তাদেরই পুত্র তারেক রহমানের ওপর।’