• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ : জড়িত শাবিপ্রবি শিক্ষক, অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি

Usbnews.
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬
সিলেটে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ : জড়িত শাবিপ্রবি শিক্ষক, অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি এশিয়া পোস্ট পত্রিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদনের আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষকদের এ-সংক্রান্ত কাজে জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক শিগগিরই রিপোর্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্যসচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।

কমিটিকে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদনের আলোকেই শাবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যপরিধি অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে এই কমিটি।

পাশাপাশি, বিগত সরকারের আমলে শাবিপ্রবির কোনো শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন বা শিক্ষার্থীদের হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন কি না, তা এই কমিটিকে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।