• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

Usbnews.
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬
৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজটি শেয়ার করুনঃ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়া, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই। তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাঁদের স্মরণ করলেই হবে না; বেঁচে থাকা প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ স্কাউটসের সদস্যদের মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাণ-প্রকৃতির রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ জন শহীদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাঁদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।