• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে ধরে আনলেন এলাকাবাসী

Usbnews.
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে ধরে আনলেন এলাকাবাসী
নিউজটি শেয়ার করুনঃ

আটক ২ ভারতীয়। ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় আব্দুল মান্নান (৬০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছাকাছি নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আব্দুল মান্নানের স্বজন ও এলাকাবাসী সীমান্তের কাছে কৃষিকাজ করতে আসা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন—নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)। পরে তাদের স্থানীয় ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি মীমাংসার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে সসম্মানে ফেরত আনা হবে এবং একই সঙ্গে আটক ভারতীয় নাগরিকদেরও বিএসএফের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সীমানা বা নোম্যান্সল্যান্ডের দিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।