• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

Usbnews.
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র বহনে উপযোগী একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে পরীক্ষা করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা জেলায় রাশিয়ার এক প্রাণঘাতী হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মস্কোতে সিআইএ প্রধানের গোপনের সফরের কয়েক দিন পরই ইউক্রেনে রাশিয়ার এই ভয়াবহ হামলা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল।

এদিকে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সামরিক বাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে দৈনিক দীর্ঘমেয়াদি ড্রোন হামলার সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ১ হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর কিয়েভে টানা তিন দিন ধরে চলা আকাশপথে হামলায় স্থবির হয়ে পড়েছে রাজধানী শহরটির দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সফলভাবে পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬ হাজার ৭০০ কিলোমিটারেরও (৪,১৬০ মাইল) বেশি। এটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখাংগেলস্ক অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় এবং দেশটির দূর প্রাচ্যের কামচাতকা উপদ্বীপে অবস্থিত কুরা টেস্ট সাইটে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফের সম্প্রতি গোপনে মস্কো সফরের মাত্র কয়েক দিন পরই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ক্রেমলিন।

ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ না করার ব্যাপারে রাশিয়াকে সতর্ক করতেই সিআইএ পরিচালক সেখানে যান বলে জানা গেছে। তবে ক্রেমলিন জানিয়েছে, এই সফরকালে সিআইএ প্রধানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বৈঠক হয়নি।

শনিবার ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, কিয়েভের নিকটবর্তী বুচা জেলায় রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় সৃষ্ট ভয়াবহ আগুন দ্রুত স্থানীয় বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, বুচা জেলার মিলা গ্রামের একটি গুদামে হামলা চালানো হয় এবং এর পরপরই সেখানে বিকট বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণের পেছনে নিজস্ব কর্তৃপক্ষের গাফিলতির ইঙ্গিত দিয়ে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘সুনির্দিষ্ট সরকারি নীতিমালা ও নিয়মকানুন রয়েছে—বাসাবাড়ি বা আবাসিক এলাকার কাছাকাছি কোনো ধরনের গোলাবারুদ সংরক্ষণ করা যাবে না।’

তিনি আরও জানান, হামলায় একটি বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র এবং একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ইতিমধ্যে ৩৭০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো জারি রয়েছে।

মস্কোর তীব্র আক্রমণের জবাবে পাল্টা পদক্ষেপ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন হামলার হার তিন গুণেরও বেশি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সম্প্রতি মস্কোয় সংঘটিত কিছু উচ্চপর্যায়ের বৈঠক সম্পর্কে ওয়াশিংটন কিয়েভকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘আজ আমরা আমেরিকান পক্ষের কাছ থেকে মস্কোয় সম্প্রতি অনুষ্ঠিত বেশ কয়েকটি বৈঠক সংক্রান্ত তথ্য পেয়েছি। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’