• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
নিউজটি শেয়ার করুনঃ

চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

গত ২ জুন সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি অধিবেশন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন। পরে তাঁর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন।

সাবেক পেশাদার কূটনীতিক খলিলুর রহমানের জাতিসংঘে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। এরপর ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক হিসেবেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশ ২০২০ সালে সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করে। খলিলুর রহমানকে প্রার্থী করা হয় গত ২৭ ফেব্রুয়ারি। এরপর স্বল্প সময়ের প্রচারে উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় যোগাযোগ ও বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন আদায় করে বাংলাদেশ।

এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ুন রশিদ চৌধুরী।