ভারতের মণিপুর রাজ্যের তামেংলং জেলায় সন্দেহভাজন নাগা বিদ্রোহীদের গুলিতে দুই নারী নিহত এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অঞ্চলটি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত দুই দিনে তামেংলং ও নোনি জেলায় সংঘাতের ফলে মোট ৬ জন প্রাণ হারিয়েছেন। তামেংলংয়ের সর্বশেষ হামলায় ৬০ বছর বয়সী চঙ্গা সিথলো এবং ৩০ বছর বয়সী কিমবোই সিংন নিহত হন, যাদের মরদেহ পরে খেত থেকে উদ্ধার করা হয়।
এর আগে ১৩ সেপ্টেম্বর তামেংলংয়ের টোলেন কুকি গ্রামে এক দম্পতি নিহত এবং তাদের শিশু সন্তান আহত হয়। একই দিনে নোনি জেলার লংপি গ্রামে এক নারী ও এক পুরুষকে গুলি করে হত্যা করে সশস্ত্র দুর্বৃত্তরা।
চুড়াচাঁদপুর ভিত্তিক কুকি সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’ নিহতদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত দুই নারীর মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা নিরপরাধ কুকি-জো বেসামরিক নাগরিকদের ওপর অব্যাহত হামলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘সুবিচার অর্জিত না হওয়া পর্যন্ত স্বজন হারানো পরিবারের জন্য কষ্টকর হলেও মরদেহ গ্রহণ করা হবে না।’ তাদের দাবি, কর্তৃপক্ষ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় পরিস্থিতি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ মোড়ের দিকে যাচ্ছে।
মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে তিন বছর ধরে সংঘাত চলছে। এর মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে উখরুল জেলায় কুকি ও তাংখুল নাগা সম্প্রদায়ের মধ্যেও নতুন করে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনা দিন দিন বেড়ে চলছে।
মিয়ানমারের সঙ্গে মণিপুরের ৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাজ্যটি এখন চরমভাবে বিভক্ত। রাজ্যের উপত্যকায় বসবাসকারী হিন্দুধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী এবং পাহাড়ে বসবাসকারী প্রধানত খ্রিষ্টান কুকি-জো সম্প্রদায়ের মধ্যে মূলত এই দ্বন্দ্ব চলছে।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিটি বিদ্রোহী গোষ্ঠীর ভূখণ্ড নিয়ে বড় বড় দাবি রয়েছে। তাদের প্রত্যেকের মানচিত্র একটির ওপর আরেকটি গিয়ে পড়ছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
সাম্প্রতিক এ সহিংসতা তিন বছর ধরে চলা গৃহযুদ্ধেরই নতুন অধ্যায়। এ সংঘাত রাজ্যটিকে লন্ডভন্ড করে দিয়েছে। সাধারণ মানুষ এখন চরম বিচ্ছিন্নতার মধ্যে বাস করছে। দীর্ঘ এ লড়াই বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে।
গত তিন বছরের মধ্যে রাজ্যটিতে এক বছর কেন্দ্রীয় শাসন জারি ছিল। মণিপুরে বর্তমানে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলটি তাদের মুখ্যমন্ত্রীও পরিবর্তন করেছে। কিন্তু কোনো পদক্ষেপই সংঘাত মেটাতে পারেনি। রাজ্যটিতে শত শত বছর ধরে পাশাপাশি বসবাস করা দুটি সম্প্রদায়ের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘুচিয়ে দেওয়া সম্ভব হয়নি।
স্বাধীন ভারতে এই ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভূমি আইন করা হয়েছিল। সে আইন অনুযায়ী মেইতেইরা পাহাড়ি এলাকায় জমি কিনতে পারে না। সেখানে কুকি-জো সম্প্রদায়কে তফসিল উপজাতির মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষা, চাকরি ও রাজনীতিতে তারা বিশেষ কোটা বা সুবিধা পায়।
উল্লেখ্য, মণিপুরে ২০২৩ সালে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত ৬০ হাজার মানুষ। তবে অধিকারকর্মীদের মতে, বাস্তুচ্যুত মানুষের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
সূত্র: টাইমস নাউ