• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হরমুজ প্রণালিতে দুটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
হরমুজ প্রণালিতে দুটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
নিউজটি শেয়ার করুনঃ

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী পৃথক বিবৃতিতে এ দাবি করেছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির ওপর উড়তে থাকা সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-১ ড্রোন কিছুক্ষণ আগে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির দাবি, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ও উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

বিবৃতিতে এমকিউ-১ ড্রোনটিকে উন্নত প্রযুক্তির ড্রোন হিসেবে বর্ণনা করে আইআরজিসি দাবি করেছে, এটি আফগানিস্তানের আকাশে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। এ কারণে ড্রোনটি ‘কান্দাহারের কসাই’ নামে পরিচিতি পেয়েছিল বলেও দাবি করা হয়।

আইআরজিসি আরও জানায়, কয়েক বছর আগেই মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর যুদ্ধ বহর থেকে এমকিউ-১ সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু হয়। তবে বিপুলসংখ্যক এমকিউ-৯ ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্রকে আবার এমকিউ-১ ব্যবহারে ফিরতে হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি উন্নত অরবিটার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্স ড্রোনটি ধ্বংস করে।

ঘটনাটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে, হরমুজ প্রণালির ওপর ঘটেছে বলে বিবৃতিতে জানানো হয়। দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয় বলেও দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি