• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি : মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি : মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
নিউজটি শেয়ার করুনঃ

বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেশটির ভারপ্রাপ্ত নৌমন্ত্রী (সেক্রেটারি) হাং কাও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে। কোথাও না ভিড়ে টানা ২৮৬ দিন রণতরিটি সমুদ্রে থাকে। এরই মধ্যে জাহাজটিতে জীবনযাপনের পরিবেশের অবনতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব খবর ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নিয়েও সমালোচনা হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে কাও চিঠিতে জানান, লিংকনের মোতায়েন শুরুর পর স্ট্রাইক গ্রুপজুড়ে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে লিংকনের নাবিকদের পাশাপাশি ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও রয়েছেন।

এর আগে গত আগস্টে দুটি সংবাদপত্র লিংকনে থাকা নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে একাধিক নাবিকের জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে আসে। এসব প্রতিবেদনের পর জাহাজটির পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা।

হাং কাওয়ের চিঠিতে আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনার বিবরণও দেওয়া হয়েছে। মার্চে এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে তাঁর সহকর্মীরা তাঁকে আটকে দেন। পরে তাঁকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। আগস্টে আরেক নাবিক সাগরে পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।

লিংকনে থাকা নাবিকদের জীবনযাত্রার পরিবেশ নিয়েও আগস্টে বিভিন্ন অভিযোগ সামনে আসে। এমএস নাওয়ের প্রতিবেদনে জাহাজের গোসলখানায় ছত্রাকের উপস্থিতি এবং খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে হাং কাও জানান, একপর্যায়ে নাবিকদের জন্য খাবারের প্রধান দুটি পদের পরিবর্তে একটি পদ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে ব্যাখ্যা দেন তিনি। তবে প্রতিদিন পুষ্টিসম্পন্ন চারটি খাবার পরিবেশন করা হয়েছে বলেও দাবি করেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব।

নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছিল বলেও স্বীকার করেছেন কাও।

লিংকনের নাবিকদের মনোবল কমে যাওয়া এবং জাহাজের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব খবরকে গুরুত্ব না দেওয়ার অভিযোগের মুখে পড়েন।

গত আগস্টে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সংবাদমাধ্যম জাহাজটির পরিস্থিতিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যেসব প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন, সেসব প্রতিবেদনেই মার্কিন সেনাসদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে।

এদিকে, বুধবার নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবলের বিষয়টি নৌবাহিনী এবং নৌবাহিনী সচিব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।