হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করায় গত দুই দিনে ১৯টি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে তেহরান। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সামরিক সূত্রের বরাতে ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, আটকানো জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল, কী ধরনের পণ্য বহন করছিল বা তাদের গন্তব্য কোথায় ছিল—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানি সংবাদমাধ্যমটি। জাহাজগুলোকে আটকের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ১২টি এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আরও ৭টি জাহাজকে লক্ষ্য করা হয়।
তবে অন্য কোনো স্বাধীন সূত্রে এসব জাহাজের পরিচয় বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সাম্প্রতিক মাসগুলোতে এ পথে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
রয়টার্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এ প্রণালি দিয়ে চলাচল করলেও সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরান এর আগে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে এক সপ্তাহের মধ্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তারা প্রস্তুত।
সূত্র: আনাদোলু এজেন্সি