জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানের মামলার বিষয়ে ব্রিফিং করার সময় তার সম্পর্কে যে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়ন করেছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। তার সম্পর্কে সাংবাদিকদের সামনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী অশালীন ও আপত্তিকর বক্তব্য রেখে তিনি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্বে থেকে তিনি এমন কথা বলতে পারেন না।
ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার জন্য অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর প্রতি আহ্বান জানান তিনি।