মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সংগৃহীত
মার্কিন কংগ্রেসের এবারের মধ্যবর্তী নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সমালোচক প্রার্থীদের হারাতে ২৩ কোটি ৩০ লাখ ডলার খরচ করবে এআইপ্যাক। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এ কথা বলেছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শনিবার (৩ অক্টোবর) জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআইপ্যাকের এই পরিকল্পনার কথা তুলে ধরেন স্যান্ডার্স। তিনি বলেন, নেতানিয়াহুর ‘চরমপন্থী সরকারের’ বিরুদ্ধে কথা বলার সাহস দেখানো প্রার্থীদের হারাতে এআইপ্যাক ২৩ কোটি ৩০ লাখ ডলার খরচ করতে চায়।
স্যান্ডার্স বলেন, ‘মিশিগানের প্রাইমারিতে আবদুল এল-সায়েদকে হারাতে তারা ৩ কোটি ৩০ লাখ ডলার খরচ করেছিল। তারা হেরেছে। তারা হারতেই থাকবে।’

আবদুল এল-সায়েদ
মিশিগানে এ বছরের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ইসরাইলকে শর্তহীন মার্কিন সামরিক সহায়তার তীব্র বিরোধিতা করেন। গাজা ও দখল করা পশ্চিম তীরে নেতানিয়াহু সরকারের নীতিরও সমালোচনা করেছেন তিনি।
স্যান্ডার্স আরো বলেন, ‘ইসরাইলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয়।’
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হবে। জরিপে দেখা যাচ্ছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয় হতে পারে। সিনেটেও তাদের জয়ের সম্ভাবনা রয়েছে।
গাজায় ইসরাইলের যুদ্ধের কারণে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের মানুষের মনোভাবেও পরিবর্তন এসেছে। এ অবস্থায় এবারের নির্বাচনে লড়াই করা অনেক ডেমোক্র্যাট প্রার্থী নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাদের অনেকেই মনে করেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা করছে নেতানিয়াহু সরকার।