• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইসরায়েলি ওষুধ কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিশ্বের বৃহত্তম নার্সিং সংগঠন

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
ইসরায়েলি ওষুধ কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিশ্বের বৃহত্তম নার্সিং সংগঠন
নিউজটি শেয়ার করুনঃ

ইসরায়েলি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তেভার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বিশ্বের বৃহত্তম নার্সিং সংগঠন রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)। প্রতিষ্ঠানটি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক এবং অতীতের দুর্নীতি ও ঘুষের অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, তেভা ইউকে-কে একটি আসন্ন অনুষ্ঠানের স্পনসর ও অংশীদার হিসেবে সরিয়ে দিয়েছে আরসিএন। ৩০ অক্টোবর লন্ডনে আরসিএনের সদর দপ্তরে ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রায় ৬ লাখ নার্সের প্রতিনিধিত্বকারী আরসিএন। নার্সেস ফর প্যালেস্টাইন এবং ইউকে হেলথকেয়ার পিটিশনস টু রয়্যাল কলেজেসের প্রচারণার পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

ইসরায়েলের বেইরশেবা শহরের দক্ষিণে শিল্পাঞ্চল নেউত হোভাভে তেভার কারখানা। ১৪ ডিসেম্বর ২০১৭। ছবি: এএফপি
নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের একটি খোলা চিঠিতে তেভার সঙ্গে আরসিএনের অংশীদারত্বের সমালোচনা করা হয়। চিঠিতে প্রতিষ্ঠানটিকে ইসরায়েলি সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন অনিয়মের জন্য দায়ী বলে অভিযোগ করা হয়। আরসিএনের কাউন্সিল চেয়ার কারমেল ও’বয়েল নার্সেস ফর প্যালেস্টাইনকে দেওয়া এক চিঠিতে সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে তেভা ইউকের সঙ্গে আরসিএনের বাণিজ্যিক অংশীদারত্ব থাকবে না। তবে ৩০ অক্টোবরের অনুষ্ঠানটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আরসিএন জানিয়েছে, অতিরিক্ত যাচাই-বাছাইয়ের পর তেভা ফার্মাসিউটিক্যালসের কয়েকটি কার্যক্রম সম্পর্কে আইনি নিষেধাজ্ঞা ও জনসমালোচনার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় আরসিএন ও তাদের শিক্ষা ও প্রকাশনা শাখা আরসিএনআইয়ের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সংগঠনটি মনে করেছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনপন্থী বিভিন্ন সংগঠন। তারা এটিকে বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস বা বিডিএস আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

তবে তেভা আরসিএনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, আরসিএন স্বাস্থ্যসেবাকে রাজনীতিকরণের সুযোগ দিয়েছে।

তেভা বিশ্বের অন্যতম বড় জেনেরিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত এক দশকে দাম নির্ধারণে কারসাজি, ঘুষ এবং বাজারে প্রভাবের অপব্যবহারের অভিযোগে ইউরোপীয় কমিশন ও মার্কিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে প্রায় ১০০ কোটি পাউন্ড বা ১৩০ কোটি ডলার জরিমানা করেছে বলে মিডল ইস্ট আই জানিয়েছে।

এছাড়া দাম নির্ধারণে কারসাজির অভিযোগে যুক্তরাষ্ট্রে তেভার বিরুদ্ধে নতুন একটি মামলাও চলছে।

সূত্র: মিডল ইস্ট আই