• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলল বামপন্থী শিক্ষক, ডাকসু ভিপির তীব্র প্রতিবাদ

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলল বামপন্থী শিক্ষক, ডাকসু ভিপির তীব্র প্রতিবাদ
নিউজটি শেয়ার করুনঃ

ঢাবির শিক্ষক তাসনীম সিরাজ মাহবুব ক্লাসে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ তুলে ডাকসুর ভিপি সাদিক কায়েম তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি ও ওই শিক্ষককে একাডেমিক দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বামপন্থী শিক্ষক সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অন্যতম সংগঠক তাসনীম সিরাজ মাহবুব ক্লাসে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন। তার এমন বর্ণবাদী, বিদ্বেষমূলক ও অসহিষ্ণু আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই শিক্ষকের প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা এবং তাকে একাডেমিক দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ক্লাসে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অন্যতম সংগঠক তাসনীম সিরাজ মাহবুব। তার এমন বর্ণবাদী, বিদ্বেষমূলক ও অসহিষ্ণু আচরণের তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘নিজ মতাদর্শ প্রচারের বদলে শ্রেণিকক্ষে একজন শিক্ষকের উচিত বিভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। শিক্ষকতার মতো দায়িত্বশীল অবস্থানে থেকে এই ধরনের আচরণ উগ্রবাদী, কর্তৃত্ববাদী ও জঙ্গিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ এবং শিক্ষার্থীর মানবিক মর্যাদা ও সমঅধিকারের ওপর আঘাত।’

প্রগতিশীলতার মুখোশ পরে এক শ্রেণির মানুষ নিজেদের পছন্দমাফিক ‘প্রগতিশীলতার ব্যাকরণ’ অন্যের ওপর চাপিয়ে দিতে চান উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘তারা ব্যক্তিস্বাধীনতার বুলি আওড়ান, কিন্তু সেই স্বাধীনতা যখন তাদের নিজেদের পছন্দের সীমা অতিক্রম করে, তখনই তাদের উদারতার মুখোশ খুলে পড়ে। এই ঘটনা তারই উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, বোরকা-নিকাব কিংবা কোনো শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অধিকার কোনো শিক্ষকের নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই শিক্ষকের প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই। একইসঙ্গে শ্রেণিকক্ষে মতের বৈচিত্র্য, সমতা ও ন্যায়বিচার নিশ্চিতে ব্যর্থ হওয়ায় তাকে একাডেমিক দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবিও জানাচ্ছি।’