• ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ, মালয়েশিয়ায় বন্ধ স্কুল

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ, মালয়েশিয়ায় বন্ধ স্কুল
নিউজটি শেয়ার করুনঃ

ইন্দোনেশিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনেও পৌঁছেছে আগুনের ধোঁয়া।

দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে সিঙ্গাপুরেও বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছর ইন্দোনেশিয়ায় অন্যতম ভয়াবহ দাবানল দেখা দিয়েছে।

কৃষিজমি তৈরির জন্য গাছপালা পরিষ্কার করতে জমিতে আগুন লাগানোর প্রবণতা এই দাবানলের অন্যতম কারণ। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরো খারাপ করেছে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দাবানল-সম্পর্কিত প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্বাসযন্ত্রের সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বছরের তীব্র এল নিনো পরিস্থিতির কারণে খরা বেড়েছে, যা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা সাইদেক বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে জানান, জোহর, মেলাকা, নেগেরি সেমবিলান ও সেলাঙ্গর রাজ্যের পাশাপাশি রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার স্কুলও বন্ধ থাকবে। এ ছাড়া মালয়েশিয়ার পাহাং রাজ্যের রোম্পিন জেলার স্কুলগুলোও বন্ধ রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী ফাধলিনা সাইদেক জানিয়েছেন, ধোঁয়াশার পরিস্থিতির দিকে নজর রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নিতে রাজ্য ও জেলা শিক্ষা দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্কুল বন্ধের সিদ্ধান্তে অভিভাবকদের দৈনন্দিন কাজকর্মে সমস্যা হতে পারে। তাই ভবিষ্যতে স্কুল বন্ধের সিদ্ধান্ত আগেভাগে জানানো হবে, যাতে অভিভাবকেরা প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পান।

মন্ত্রী আরো জানান, শিশু, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবার স্বাস্থ্য ও নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার বায়ুদূষণ সূচক অনুযায়ী, ১০১ থেকে ২০০ পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশের ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।